সেলফ-ড্রাইভিং মোডে থাকা টেসলার ধাক্কায় বৃদ্ধ নিহত
অনলাইন ডেস্ক
যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় ‘ফুল সেলফ-ড্রাইভিং’ মোডে থাকা টেসলা গাড়ির ধাক্কায় ৭১ বছর বয়সী এক পথচারী নিহত হয়েছেন। দুর্ঘটনার সময় গাড়িটি ঘণ্টায় প্রায় ১১২ কিলোমিটার গতিতে চলছিল বলে জানা গেছে। সংঘর্ষের পর রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে আরেকটি গাড়িও চাপা দিয়ে চলে যায়।
নিউইয়র্ক পোস্টের প্রতিবেদন অনুযায়ী, বৃহস্পতিবার মধ্যরাতে ক্যালিফোর্নিয়ার ভালেহো এলাকায় ইন্টারস্টেট ৮০ মহাসড়কের একটি ইন্টারচেঞ্জের কাছে দুর্ঘটনাটি ঘটে। গাড়িটির চালক সান ফ্রান্সিসকোর ২৬ বছর বয়সী এক বাসিন্দা। তাঁর দাবি, দুর্ঘটনার সময় টেসলাটি স্বয়ংক্রিয় ড্রাইভিং সহায়তা ব্যবস্থায় চলছিল।
ক্যালিফোর্নিয়া হাইওয়ে পেট্রোলের তথ্য অনুযায়ী, মহাসড়কের ডান পাশ থেকে কেন্দ্রীয় বিভাজকের দিকে হাঁটার সময় ওই পথচারী গাড়িটির সামনে চলে আসেন। কর্তৃপক্ষের বিবৃতিতে বলা হয়, ভিডিওতে দেখা গেছে, পথচারীকে বাঁচাতে গাড়িটি বাম দিকে মোড় নেওয়ার চেষ্টা করে এবং ব্রেক করা হয়। তারপরও গাড়িটির সামনের ডান পাশ পথচারীকে আঘাত করে।
পরে রাস্তায় পড়ে থাকা ওই ব্যক্তিকে দ্বিতীয় একটি গাড়ি চাপা দেয়। স্থানীয় সময় রাত ২টা ৩৪ মিনিটের দিকে কর্তৃপক্ষ ঘটনাস্থলে পৌঁছায়। তবে দ্বিতীয় গাড়িটির চালক সেখানে থেমেছিলেন কি না, তা নিশ্চিত হওয়া যায়নি।
যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায় টেসলার ড্রাইভিং-সহায়ক প্রযুক্তি ব্যবহার করে দুর্ঘটনার ঘটনা আগেও ঘটেছে। গত জুনে টেক্সাসের কেটি এলাকায় একটি টেসলা মডেল ৩ গাড়ি বাড়ির দেয়াল ভেঙে ভেতরে ঢুকে পড়ে। এতে ৭৬ বছর বয়সী মার্থা আভিলা গুরুতর আহত হন এবং পরে হাসপাতালে তাঁর মৃত্যু হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
টেসলার নির্দেশনায় বলা হয়েছে, স্বয়ংক্রিয় ড্রাইভিং-সহায়ক ব্যবস্থা চালু থাকলেও চালককে স্টিয়ারিংয়ের নিয়ন্ত্রণে মনোযোগী থাকতে হবে এবং যেকোনো মুহূর্তে গাড়ির নিয়ন্ত্রণ নেওয়ার জন্য প্রস্তুত থাকতে হবে। ক্যালিফোর্নিয়ার আইনেও এ ধরনের ব্যবস্থার ব্যবহার চলাকালে গাড়ি নিরাপদে চালানোর দায়িত্ব চালকের ওপরই বর্তায়।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি