যুক্তরাষ্ট্র এই সপ্তাহান্তেই ইরানে হামলা চালাতে পারে: মার্কিন দূত
অনলাইন ডেস্ক
ইরানে চলতি সপ্তাহান্তেই যুক্তরাষ্ট্র হামলা চালাতে পারে বলে মন্তব্য করেছেন তুরস্কে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ও সিরিয়াবিষয়ক বিশেষ প্রতিনিধি টম ব্যারাক। ওয়াশিংটন ও ইসরায়েলের পক্ষ থেকে তেহরানের বিরুদ্ধে ক্রমবর্ধমান হুমকির মধ্যে শুক্রবার তিনি এ সম্ভাবনার কথা জানান।
পডকাস্ট উপস্থাপক মারিও নওফালের সঙ্গে এক সাক্ষাৎকারে ব্যারাককে প্রশ্ন করা হয়, চলতি সপ্তাহান্তে ইরানে হামলা হতে পারে কি না। জবাবে তিনি বলেন, ‘অবশ্যই হতে পারে।’ সাক্ষাৎকারের একটি অংশ ইসরায়েলি আর্মি রেডিওতে প্রচার করা হয়। তবে ইরানবিষয়ক আলোচনায় ব্যারাকের সরাসরি দায়িত্ব নেই।
ব্যারাক বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একটি চুক্তিতে পৌঁছাতে আগ্রহী এবং আলোচনার জন্য প্রস্তুত। তাঁর ভাষ্য, কয়েক মাস ধরেই আলোচনার টেবিলে রয়েছে দুই পক্ষ।
এদিকে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সাম্প্রতিক দিনগুলোতে ইরানের ধর্মীয় শাসনব্যবস্থার অবসান ঘটানোর অঙ্গীকার করেছেন। এর আগে ইরানের বিরুদ্ধে বড় ধরনের সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল।
দীর্ঘদিন ধরে চলা কূটনৈতিক অচলাবস্থার মধ্যেও ইরানে নতুন করে হামলার সম্ভাবনার ইঙ্গিত দিয়েছেন ট্রাম্প। তবে এর আগে তিনি বলেছিলেন, ৩ নভেম্বর যুক্তরাষ্ট্রের কংগ্রেসের মধ্যবর্তী নির্বাচনের আগে এমন হামলা চালানো হবে না। ফলে নতুন করে সামরিক পদক্ষেপ নেওয়া হবে কি না, তা নিয়ে অনিশ্চয়তা রয়ে গেছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি