ভারতের প্রধান ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ায় সাইবার হামলা
প্রথম আলো
ভারতের বৃহত্তম রাষ্ট্রায়ত্ত ব্যাংক স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার (এসবিআই) গ্রাহকদের গোপন তথ্য হাতিয়ে নেওয়ার দাবি করেছে ‘সিরিউসিম’ নামের একটি হ্যাকার গোষ্ঠী। ব্যাংকটিও গ্রাহকদের তথ্য ফাঁসের ঘটনা আংশিকভাবে স্বীকার করেছে। ফাঁস হওয়া তথ্যের মধ্যে ব্যক্তিগত বিবরণ, আবাসিক ঠিকানা, ঋণের আবেদন এবং অ্যাকাউন্ট খোলার নথিপত্র রয়েছে বলে দাবি করা হয়েছে।
শুক্রবার এসবিআই জানিয়েছে, যেসব গ্রাহক এই ঘটনার শিকার হয়েছেন, তাঁদের ই-মেইল ও হোয়াটসঅ্যাপের মাধ্যমে সতর্ক করা হয়েছে। তবে ব্যাংক কর্তৃপক্ষ আশ্বস্ত করেছে, গ্রাহকদের অ্যাকাউন্ট ও অর্থ সম্পূর্ণ সুরক্ষিত রয়েছে।
সাইবার নিরাপত্তা পর্যবেক্ষক ‘সাইবারপালস৫৬’-এর দাবি, ব্যাংকটির সঙ্গে সংশ্লিষ্ট প্রায় ৩ লাখ ৮০ হাজার রেকর্ড ফাঁস হয়ে থাকতে পারে। গত ১৬ অক্টোবর এ বিষয়ে প্রথম তথ্য প্রকাশ করা হয়। তবে ফাঁস হওয়া তথ্যের প্রকৃত সংখ্যা, উৎস এবং কতজন গ্রাহক ক্ষতিগ্রস্ত হয়েছেন, তা এখনো স্বাধীনভাবে নিশ্চিত করা যায়নি।
বিশেষজ্ঞদের আশঙ্কা, এসব তথ্য ব্যবহার করে পরিচয় জালিয়াতি, প্রতারণামূলক ঋণের আবেদনসহ বিভিন্ন ধরনের সাইবার অপরাধ সংঘটিত হতে পারে। তবে এ ধরনের অপব্যবহারের কোনো ঘটনা ঘটেছে কি না, তা এখনো নিশ্চিত নয়।
৫০ কোটির বেশি গ্রাহক নিয়ে বিশ্বের অন্যতম বৃহৎ ব্যাংক এসবিআইয়ের এই ঘটনা ভারতের আর্থিক খাতের সাইবার নিরাপত্তা নিয়ে নতুন উদ্বেগ তৈরি করেছে। ব্যাংকটির বিপুল গ্রাহকসংখ্যার কারণে তথ্য ফাঁসের প্রভাব ব্যাপক হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি