কোরআনের উদ্ধৃতি দিয়ে মুসলিমবিদ্বেষের নিন্দা বিল ক্লিনটনের
অনলাইন ডেস্ক
মুসলমানদের ধর্মীয় পরিচয়ের কারণে হেয় করা ও তাঁদের প্রতি বৈষম্যের নিন্দা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। তিনি বলেছেন, মুসলমান হওয়ার কারণে মানুষকে হেয় করা হচ্ছে—এমন ঘটনা দেখতে দেখতে তিনি ক্লান্ত। এ সময় পবিত্র কোরআনের সুরা হুজুরাতের একটি আয়াতও উদ্ধৃত করেন তিনি।
ফ্লোরিডার কোনোনিয়া ওয়ারশিপ সেন্টারে ‘মাল্টিপল ফেইথস, ওয়ান ফ্লোরিডা’ শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ক্লিনটন। বিভিন্ন ধর্ম ও সম্প্রদায়ের মানুষের মধ্যে পারস্পরিক পরিচিতি, শ্রদ্ধা ও বোঝাপড়া বাড়ানোর গুরুত্ব তুলে ধরেন তিনি।
ক্লিনটন বলেন, ‘মুসলমান হওয়ার কারণে মুসলমানদের হেয় করা হচ্ছে—এটা দেখে আমি ক্লান্ত।’
বক্তব্যে নিজের মেয়ে চেলসি ক্লিনটনের পবিত্র কোরআন পাঠের অভিজ্ঞতার কথাও উল্লেখ করেন তিনি। ক্লিনটন জানান, তাঁর মেয়ে ১৫ বছর বয়সে পুরো কোরআন পড়ে শেষ করেন এবং পরে তাঁকেও ধর্মগ্রন্থটি পড়তে উৎসাহিত করেন।
সুরা হুজুরাতের ১৩ নম্বর আয়াতে বলা হয়েছে, মানুষকে বিভিন্ন জাতি ও গোত্রে সৃষ্টি করা হয়েছে, যাতে তারা একে অপরকে চিনতে পারে। এ আয়াতের প্রসঙ্গ টেনে ক্লিনটন বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে শত্রুতার পরিবর্তে পারস্পরিক বোঝাপড়া ও শ্রদ্ধা গড়ে তোলার আহ্বান জানান।
তিনি আরও বলেন, ‘প্রতিটি ধর্মেই খারাপ মানুষ রয়েছে, কারণ আমরা সবাই ত্রুটিপূর্ণ মানুষ।’
যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্য থেকে সিনেট নির্বাচনে ডেমোক্রেটিক পার্টির মুসলিম প্রার্থী আবদুল এল-সায়েদকে ঘিরে বিতর্কের মধ্যেই ক্লিনটনের এ বক্তব্য এলো। সাবেক জনস্বাস্থ্য কর্মকর্তা এল-সায়েদ মার্কিন সিনেটে নির্বাচিত প্রথম মুসলিম হওয়ার লক্ষ্য নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
প্রতিবেদন অনুযায়ী, এল-সায়েদের রাজনৈতিক প্রতিপক্ষরা তাঁকে উগ্রপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে যুক্ত করার চেষ্টা করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও তাঁকে ‘জিহাদি’ বলে উল্লেখ করেছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
ধর্মীয় পরিচয়কে কেন্দ্র করে এমন বক্তব্য ও বিতর্কের প্রেক্ষাপটে ক্লিনটন বিভিন্ন ধর্মের মানুষের মধ্যে পারস্পরিক শ্রদ্ধা, সহনশীলতা ও বোঝাপড়ার গুরুত্ব তুলে ধরেন।
সূত্র: আল জাজিরা, পিপলস গেজেট নাইজেরিয়া।
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি