আন্তর্জাতিক

ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

অনলাইন ডেস্ক

শুক্রবার, অক্টোবর ২৩, ২০২৬, ১১:০০ অপরাহ্ন
ইউরোপের বাইরেও তরুণদের বিক্ষোভ ছড়াচ্ছে, নতুন করে যোগ হচ্ছে জার্মানি

জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি, আবাসনসংকট, দুর্নীতি, শিক্ষা খাতের সমস্যা ও রাজনৈতিক অধিকারের দাবিতে বিশ্বের বিভিন্ন দেশে বিক্ষোভ অব্যাহত রয়েছে। গত বৃহস্পতিবার ফ্রান্স, সার্বিয়া, তিউনিসিয়া, কলম্বিয়া ও ভেনেজুয়েলায় বিক্ষোভের খবর পাওয়া গেছে। এ ছাড়া আগামী ৩১ অক্টোবর জার্মানির ২১টি শহরে বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের একটি সংগঠন।


দেশভেদে বিক্ষোভের কারণ ভিন্ন হলেও কোথাও কোথাও তা সংঘর্ষ, ভাঙচুর ও আটকের ঘটনায় রূপ নিয়েছে। ফ্রান্সে শিক্ষাপ্রতিষ্ঠানের সংকট থেকে শুরু হওয়া আন্দোলন ছড়িয়ে পড়েছে জীবনযাত্রার ব্যয় ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষে। সার্বিয়ায় দুর্নীতিবিরোধী শিক্ষার্থী আন্দোলনে আগাম নির্বাচনের দাবি জোরালো হয়েছে। ভেনেজুয়েলায় অবাধ নির্বাচনের দাবিতে রাজপথে নেমেছেন হাজারো মানুষ। তিউনিসিয়ায় পুলিশি হেফাজতে মৃত্যু ও চিকিৎসাসেবার ঘাটতি ঘিরে বিক্ষোভ হয়েছে।


ফ্রান্স

ফ্রান্সে চলমান বিক্ষোভের সূত্রপাত গত ১৭ সেপ্টেম্বর প্যারিসের দক্ষিণ-পূর্বাঞ্চলের ক্রেতেই শহরের একটি উচ্চবিদ্যালয়ে। শিক্ষকসংকট ও জরাজীর্ণ ভবনের প্রতিবাদে শিক্ষকেরা আন্দোলন শুরু করেন। পরে শিক্ষার্থীরাও এতে যোগ দেন। একপর্যায়ে আন্দোলন ছড়িয়ে পড়ে জীবনযাত্রার ব্যয় বৃদ্ধি ও সরকারি সেবার মান নিয়ে অসন্তোষের মধ্যে।


গত সপ্তাহান্তে বিক্ষোভের একাংশ সহিংস হয়ে ওঠে। বিভিন্ন শহরে দোকানপাটে লুটপাট, সরকারি ভবনে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। লিমোজ শহরের ঐতিহাসিক টাউন হলেও আগুন দেওয়া হয়।


কর্তৃপক্ষের হিসাবে, গত সপ্তাহান্ত থেকে এ পর্যন্ত প্রায় ২ হাজার ৫০০ জনকে আটক করা হয়েছে। তাঁদের মধ্যে ১৭৪ জনকে বিচারিক হেফাজতে পাঠানো হয়েছে এবং ৯০০ জনের বেশি মানুষের বিরুদ্ধে বিচারপ্রক্রিয়া চলছে।


নতুন কর্মসূচির আগে প্রেসিডেন্ট এমানুয়েল মাখোঁ বৃহস্পতিবার জানান, অনুমতি ছাড়া ব্যক্তি বা গোষ্ঠীর বিক্ষোভ নিষিদ্ধ করা হয়েছে। স্বীকৃত সংগঠন ও ট্রেড ইউনিয়নগুলোকে বিক্ষোভের অনুমতি দেওয়া হতে পারে। নিরাপত্তার স্বার্থে বিক্ষোভের স্থান পরিবর্তনের সিদ্ধান্তও নেওয়া হতে পারে। লিওঁসহ কয়েকটি শহরে শনিবারের বিক্ষোভের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।


ভেনেজুয়েলা

ভেনেজুয়েলার রাজধানী কারাকাসসহ বিভিন্ন শহরে বৃহস্পতিবার হাজারো মানুষ বিক্ষোভ করেছেন। তাঁদের প্রধান দাবি, অবাধ প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন এবং বিরোধী নেত্রী ও শান্তিতে নোবেলজয়ী মারিয়া কারিনা মাচাদোকে দেশে ফিরতে দেওয়া। মাচাদো বর্তমানে নির্বাসনে রয়েছেন।


বার্তা সংস্থা এএফপির প্রতিবেদন অনুযায়ী, কারাকাসে প্রায় দুই হাজার মানুষ শান্তিপূর্ণভাবে সমবেত হন। দেশের অন্য এলাকাতেও বিক্ষোভ হয়েছে।


বিরোধী দলের সমর্থক এরিকা সেদেনো এএফপিকে বলেন, তাঁরা প্রেসিডেন্ট নির্বাচন আয়োজন এবং মাচাদোকে দেশে ফিরিয়ে আনার দাবি জানাচ্ছেন। বিক্ষোভকারী দরজি মায়রিম বেলত্রান বলেন, তাঁরা ক্লান্ত এবং সত্যিকারের পরিবর্তন চান।


কলম্বিয়া সীমান্তবর্তী তাচিরা এবং উত্তর-পূর্বাঞ্চলের বলিভারেও বিক্ষোভ হয়েছে। তাচিরায় সমাবেশস্থলে যাওয়ার সড়ক বন্ধ করে দেওয়ায় প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা।


সার্বিয়া

সার্বিয়ার রাজধানী বেলগ্রেডে বৃহস্পতিবার সরকারবিরোধী শিক্ষার্থী আন্দোলনের সমর্থনে বড় সমাবেশ হয়েছে। আগাম পার্লামেন্ট নির্বাচনের দাবিতে আয়োজিত এ সমাবেশে বিপুলসংখ্যক মানুষ অংশ নেন। আন্দোলনকারীদের লক্ষ্য, আলেকসান্দার ভুসিচের নেতৃত্বাধীন সার্বিয়ান প্রগ্রেসিভ পার্টিকে নির্বাচনে পরাজিত করা।


২০২৪ সালের নভেম্বরে নোভি সাদ শহরের রেলস্টেশনের ছাউনির একটি অংশ ধসে ১৬ জন নিহত হওয়ার পর দুর্নীতির তদন্ত ও জবাবদিহির দাবিতে শিক্ষার্থী আন্দোলন শুরু হয়। দীর্ঘ আন্দোলনের ধারাবাহিকতায় পরে আগাম নির্বাচনের দাবিও যুক্ত হয়।


আন্দোলনের চাপে গত ২৭ সেপ্টেম্বর প্রেসিডেন্ট পদ থেকে পদত্যাগ করেন ভুসিচ। তবে তিনি রাজনীতি ছাড়েননি। এবার নিজের দলের নেতৃত্ব দিয়ে প্রধানমন্ত্রী হওয়ার লক্ষ্যে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।


শিক্ষার্থীদের সমর্থিত ‘স্টুডেন্টস লিস্ট’ ক্ষমতাসীন দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করছে। জনমত জরিপে দুই পক্ষের মধ্যে ব্যবধান কম থাকার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। তবে দেশটির মূলধারার সংবাদমাধ্যম ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর ক্ষমতাসীন দলের নিয়ন্ত্রণ নিয়ে সমালোচনা রয়েছে। বিশ্লেষকদের আশঙ্কা, নির্বাচনের ফলাফল নিয়ে বিরোধ তৈরি হলে ভোটের পর অস্থিরতা দেখা দিতে পারে।

বিক্ষোভে অংশ নেওয়া মারিয়া নেদেলকোভিচ রাদিচ বলেন, তরুণেরা তাঁকে নতুন করে আশা দেখিয়েছেন এবং দেশে স্বাভাবিকভাবে বেঁচে থাকার সম্ভাবনা তৈরি করেছেন।


তিউনিসিয়া

তিউনিসিয়ার রাজধানীর উপকণ্ঠে ইততাদামেন এলাকায় পুলিশি হেফাজতে এক ব্যক্তির মৃত্যুর প্রতিবাদে বৃহস্পতিবার বিক্ষোভ হয়েছে। ওই ব্যক্তিকে মাদক ব্যবসায়ী সন্দেহে আটক করা হয়েছিল।


পরিবারের অভিযোগ, আটকের পর পুলিশি নির্যাতনে তাঁর মৃত্যু হয়েছে। তারা ঘটনার তদন্ত ও দায়ীদের জবাবদিহি দাবি করেছে। তবে স্থানীয় সংবাদমাধ্যমের ভাষ্য, মাদকদ্রব্য গিলে ফেলার পর ওই ব্যক্তির মৃত্যু হয়।


বিক্ষোভকারীরা সড়ক অবরোধ করেন, টায়ারে আগুন দেন এবং পুলিশের দিকে পাথর ছোড়েন। পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে তাঁদের ছত্রভঙ্গ করার চেষ্টা করে। এ সময় নিরাপত্তা বাহিনী এলাকার একটি ন্যাশনাল গার্ড স্টেশন সুরক্ষিত রাখার চেষ্টা করে।


দেশটির দক্ষিণাঞ্চলের স্ফাক্স গভর্নরেটের জেবিনিয়ানা শহরেও এক ব্যক্তির মৃত্যু ঘিরে বিক্ষোভ হয়েছে। স্বজনদের দাবি, নিরাপত্তা বাহিনীর ধাওয়া খেয়ে তাঁর মৃত্যু হয়। সেখানে বিক্ষোভকারীরা একটি গাড়িতে আগুন দেন এবং পুলিশের সঙ্গে সংঘর্ষে জড়ান।


স্ফাক্স শহরে এক শিক্ষার্থীর মৃত্যুর ঘটনায় তাঁর সহপাঠীরাও বিক্ষোভ করেছেন। হৃদ্‌যন্ত্রের সমস্যায় আক্রান্ত ওই শিক্ষার্থীকে হাসপাতালে নিতে অ্যাম্বুলেন্স দেরিতে আসায় তাঁর মৃত্যু হয়েছে বলে অভিযোগ সহপাঠীদের। চিকিৎসাসেবার ঘাটতির প্রতিবাদে তাঁরা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদে ধর্মঘটের ডাক দিয়েছেন।


জীবনযাত্রার মান, সরকারি সেবা ও রাজনৈতিক স্বাধীনতা নিয়ে অসন্তোষের মধ্যেই এসব বিক্ষোভ হচ্ছে। এর আগে ১৭ অক্টোবর প্রেসিডেন্ট কাইস সাঈদের পদত্যাগের দাবিতে কয়েক বছরের মধ্যে বড় বিক্ষোভ হয়।


জার্মানি

জার্মানির ২১টি শহরে আগামী ৩১ অক্টোবর বিক্ষোভের ডাক দিয়েছে তরুণদের সংগঠন ‘জেন জেড রেগেল্ট’। শিক্ষা খাতে ব্যয় সংকোচন, জীবনযাত্রার ক্রমবর্ধমান ব্যয়, সামাজিক বৈষম্য ও বাধ্যতামূলক সামরিক নিয়োগের বিরুদ্ধে এ কর্মসূচি পালনের কথা রয়েছে। আয়োজকদের প্রত্যাশা, এতে হাজারো মানুষ অংশ নেবেন।


সম্ভাব্য বিক্ষোভ ঘিরে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো পরিস্থিতি পর্যবেক্ষণ করছে। পুলিশের আশঙ্কা, উগ্রপন্থী গোষ্ঠীগুলো বিক্ষোভকে সহিংসতার দিকে ঠেলে দেওয়ার চেষ্টা করতে পারে। তবে আয়োজকেরা জানিয়েছেন, মানুষ বা সম্পত্তির বিরুদ্ধে সব ধরনের সহিংসতার বিরোধী তাঁরা।

 


টাইম ডেস্ক/জএইচ

আন্তর্জাতিক এর আরো খবর

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

১ ঘন্টা আগে
আন্তর্জাতিক
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

২ দিন আগে
আন্তর্জাতিক
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

২ দিন আগে
আন্তর্জাতিক
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি

৩ দিন আগে
আন্তর্জাতিক
সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

সংস্কার, বিচার ও দেশের সার্বভৌমত্বে কোনো ধরনের কম্প্রোমাইজ করা যাবে না: নাহিদ ইসলাম

৩ দিন আগে
আন্তর্জাতিক
সর্বশেষ
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই

ভারতের ঝাড়খণ্ডে পারিবারিক কলহের জেরে নিজেদের দুই স্ত্রীকে হত্যার অভিযোগে দুই ভাইকে গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় অভিযুক্তদের বাবা-মাকেও গ্রেফতার...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

থ্যাংকসগিভিং উৎসবের দিনে শক্তিশালী ‘নরইস্টার’ ঝড়ের কবলে পড়েছে যুক্তরাষ্ট্রের মধ্য...

যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

স্টামফোর্ড বিশ্ববিদ্যালয় বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের শিক্ষার্থীদের সংগঠন...

স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

নিউইয়র্কে বসবাসরত নিম্ন ও মধ্যম আয়ের পরিবারগুলোর জন্য বিদ্যুৎ ও...

নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

পুরুষের অণ্ডকোষ অপসারণ বা বন্ধ্যাকরণের সঙ্গে দীর্ঘায়ুর সম্পর্ক থাকতে পারে—এমন...

পুরুষের অণ্ডকোষ অপসারণে আয়ু বাড়তে পারে ৩৩ শতাংশ, বলছে গবেষণা

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায় বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক সিটির ব্রুকলিনে নির্মাণকাজ করতে গিয়ে দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন...

ব্রুকলিনে কনস্ট্রাকশন দূর্ঘটনায়  বাংলাদেশী মাওলানা শিহাব উদ্দীনের মৃ/ত্যু