সীমান্ত নিয়ে আলোচনায় বসতে উত্তর কোরিয়াকে প্রস্তাব দক্ষিণ কোরিয়ার
অনলাইন ডেস্ক
সীমান্তের সুনির্দিষ্ট অবস্থান যৌথভাবে নির্ধারণ এবং সামরিক যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর বিষয়ে আলোচনার জন্য উত্তর কোরিয়াকে সামরিক বৈঠকের প্রস্তাব দিয়েছে দক্ষিণ কোরিয়া। দুই দেশের মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে (ডিএমজেড) বিস্ফোরণের ঘটনায় উত্তেজনা বাড়ার পর শুক্রবার এ প্রস্তাব দেওয়া হয়।
বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের নীতিবিষয়ক উপপ্রতিরক্ষামন্ত্রী কিম হং-চল সাংবাদিকদের বলেন, স্থলসীমান্তের সামরিক বিভাজনরেখার (এমডিএল) সুনির্দিষ্ট অবস্থান যৌথভাবে নিশ্চিত করা, সামরিক যোগাযোগব্যবস্থা পুনরায় চালুর উপায় নিয়ে আলোচনা এবং সীমান্তে অনাকাঙ্ক্ষিত সংঘর্ষ এড়ানোর লক্ষ্যে উত্তর কোরিয়ার সঙ্গে আনুষ্ঠানিক বৈঠকের প্রস্তাব দেওয়া হয়েছে।
দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, জাতিসংঘ কমান্ডকে অন্তর্ভুক্ত করে ত্রিপক্ষীয় বৈঠক আয়োজনের সম্ভাবনাও রয়েছে।
কিম হং-চল বলেন, পানমুনজমের মাধ্যমে বৈঠকের নির্দিষ্ট তারিখ ও স্থান নিয়ে আলোচনা করা যেতে পারে। এ বিষয়ে উত্তর কোরিয়ার কাছ থেকে ইতিবাচক সাড়া পাওয়ার আশা করছে সিউল।
গত মাসে দুই কোরিয়ার মধ্যবর্তী অসামরিকীকৃত অঞ্চলে বিস্ফোরণের ঘটনায় দক্ষিণ কোরিয়ার তিন সেনা আহত হন। এ ঘটনায় পিয়ংইয়ংয়ের সংশ্লিষ্টতার অভিযোগ প্রত্যাখ্যান করেছে উত্তর কোরিয়া। একই সঙ্গে ক্ষমা চাওয়ার আহ্বানও উপহাসের সঙ্গে নাকচ করেছে দেশটি।
১৯৫৩ সালের যুদ্ধবিরতি চুক্তির পর থেকে ডিএমজেড দুই কোরিয়াকে পৃথক করে রেখেছে। ভারী মাইন পোঁতা এই বাফার অঞ্চলটি দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে সরাসরি সংঘর্ষ এড়ানোর উদ্দেশ্যে প্রতিষ্ঠিত হয়েছিল।
সূত্র: এএফপি
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি