দিল্লিতে ৭ দিনের জেল শেষে মুক্তি পাচ্ছেন সিজেপির দুই শীর্ষ নেতা
আন্তর্জাতিক ডেস্ক
শান্তি রক্ষার মুচলেকার শর্ত ভঙ্গ ও নিষেধাজ্ঞা অমান্য করে বিক্ষোভের অভিযোগে আটক ককরোচ জনতা পার্টির (সিজেপি) দুই নেতা সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে মুক্তির নির্দেশ দিয়েছেন দিল্লির একটি আদালত। টানা সাত দিন কারাবাসের পর বুধবার (২১ অক্টোবর) এক বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির আদেশ দেন।
পুলিশ সূত্রে জানা গেছে, দিল্লির ঐতিহাসিক যন্তর মন্তরে পূর্বঘোষিত নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও বিক্ষোভে অংশ নেন সিজেপির এই দুই নেতা। সেখানে জাতীয় পতাকা উত্তোলনের চেষ্টাও করেন তারা বলে অভিযোগ পুলিশের। এর আগে শান্তি বজায় রাখার শর্তে তাদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছিল। সেই শর্ত ভঙ্গের অভিযোগে তাদের আটক করে হেফাজতে নেয় দিল্লি পুলিশ।
এদিকে, হেফাজতের মেয়াদ বাড়ানোর সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দিল্লি হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন সৌরভ ও আশুতোষ। তবে বুধবার শুনানির সময় বিচারপতি সুব্রামোনিয়াম প্রসাদ আবেদনকারীদের আইনজীবীকে জানান, আগে বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেটের আদালতের সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত। প্রয়োজন হলে পরে উচ্চ আদালতে আসার পরামর্শ দেন তিনি। এরপর হাইকোর্ট থেকে আবেদন প্রত্যাহার করে নেন দুই নেতা।
শুনানিতে দিল্লি পুলিশ সৌরভ দাস ও আশুতোষ রাঙ্কাকে আরও তিন দিন হেফাজতে রাখার আবেদন জানায়। পুলিশের যুক্তি ছিল, মুক্তি পেলে তারা আবারও নিষেধাজ্ঞা অমান্য করে বিশৃঙ্খলা ও বিক্ষোভে জড়িয়ে পড়তে পারেন। তবে উভয় পক্ষের বক্তব্য শোনার পর বিশেষ নির্বাহী ম্যাজিস্ট্রেট তাদের মুক্তির নির্দেশ দেন।
সিজেপি নেতাদের আটক ও মুক্তির ঘটনা ভারতের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) কার্যক্রম এবং নির্বাচন কমিশনের ভূমিকা নিয়ে বেশ কিছুদিন ধরেই আন্দোলন চালিয়ে আসছে দলটি। তবে নির্বাচন কমিশন তাদের বিরুদ্ধে ওঠা অভিযোগ অস্বীকার করেছে।
আইনজীবীদের ভাষ্য, বিশেষ ম্যাজিস্ট্রেটের মুক্তির আদেশে দুই নেতার সাময়িক কারাবাসের অবসান হলেও যন্তর মন্তরের ঘটনায় দায়ের হওয়া পুলিশি মামলাগুলো চলমান থাকবে। অর্থাৎ, মুক্তির অর্থ এই নয় যে তারা সব আইনি অভিযোগ থেকে চূড়ান্তভাবে অব্যাহতি পেয়েছেন।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি