মালয়েশিয়ার সরকারি কর্মীদের ইসরায়েলে তৈরিকৃত অ্যাপ ব্যবহারের নিষেধাজ্ঞা
অনলাইন ডেস্ক
ইসরায়েলি উৎস ও সম্ভাব্য নিরাপত্তাঝুঁকির কথা বিবেচনায় নিয়ে নেভিগেশন অ্যাপ ওয়েজ ব্যবহারে সরকারি কর্মীদের নিষেধাজ্ঞা দিয়েছে মালয়েশিয়া। দেশটির প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের নিরাপত্তা উদ্বেগ প্রকাশের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর টাইমস অব ইসরায়েলের।
আনোয়ার ইব্রাহিম জানিয়েছেন, ওয়েজ অ্যাপ ব্যবহারের সঙ্গে সংশ্লিষ্ট সম্ভাব্য নিরাপত্তাঝুঁকি খতিয়ে দেখছে সরকার। তাঁর দাবি, অ্যাপটি ইসরায়েলের আইন দ্বারা পরিচালিত হতে বাধ্য।
জাতীয় সাইবার নিরাপত্তা কমিটির বৈঠকে সভাপতিত্ব করার পর ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, ‘মানুষের তথ্য ও পরিচয়ের নিরাপত্তার বিষয়ে আমরা কোনো আপস করতে পারি না।’
তবে ওয়েজ ব্যবহারে কী ধরনের নিরাপত্তাঝুঁকি রয়েছে, সে বিষয়ে বিস্তারিত জানাননি মালয়েশিয়ার প্রধানমন্ত্রী। বিকল্প হিসেবে তিনি মালয়েশিয়া হাইওয়ে কর্তৃপক্ষের তৈরি স্থানীয় মানচিত্রভিত্তিক অ্যাপ ‘তুজু’ ব্যবহারের পরামর্শ দিয়েছেন।
সরকারি সংস্থাগুলোর প্রধানদের কাছে পাঠানো এক চিঠিতে মালয়েশিয়ার সরকারের প্রধান সচিব শামসুল আজরি আবু বকর জানিয়েছেন, এখন থেকে সরকারি কর্মীরা ওয়েজ অ্যাপ ব্যবহার করতে পারবেন না। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে নেওয়া সিদ্ধান্তের ভিত্তিতে এ নির্দেশনা জারি করা হয়েছে। নিষেধাজ্ঞা অবিলম্বে কার্যকর হবে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।
প্রধানমন্ত্রীর দপ্তরের এক কর্মকর্তা চিঠিটির সত্যতা নিশ্চিত করেছেন।
ওয়েজ একটি নেভিগেশন অ্যাপ, যা স্যাটেলাইট সংকেত ও চালকদের কাছ থেকে পাওয়া তথ্য ব্যবহার করে যানজটের হালনাগাদ পরিস্থিতি জানায়। ২০১৩ সালে গুগলের মূল প্রতিষ্ঠান অ্যালফাবেট প্রায় ১০০ কোটি ডলারে অ্যাপটি অধিগ্রহণ করে।
সূত্র: টাইমস অব ইসরায়েল
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি