বিশ্বজুড়ে বিভিন্ন দেশে ইন্টারনেট ব্যাহত হওয়ার শঙ্কা, সতর্ক করলো কাতার
আন্তর্জাতিক ডেস্ক
যুক্তরাষ্ট্রের সঙ্গে উত্তেজনার মধ্যে হরমুজ প্রণালির তলদেশ দিয়ে যাওয়া সাতটি প্রধান যোগাযোগ ক্যাবলে হামলার হুমকি দিয়েছে ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)। অন্যদিকে, কাতার সতর্ক করে বলেছে, এসব ক্যাবলে বিঘ্ন ঘটলে যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে। একই সঙ্গে হামলা ও হুমকি বন্ধ করে যুক্তরাষ্ট্র-ইরান সংকটের শান্তিপূর্ণ সমাধানের আহ্বান জানিয়েছে দোহা।
মঙ্গলবার (২০ অক্টোবর) সৌদি গেজেটের প্রতিবেদনে বলা হয়, সোমবার (১৯ অক্টোবর) এ হুমকি দেয় আইআরজিসি। বাহিনীটির মুখপাত্র হোসেইন মোহেব্বি বলেন, হরমুজ প্রণালির তলদেশ দিয়ে সাতটি প্রধান ডেটা যোগাযোগ ক্যাবল গেছে। তার দাবি, ইন্টারনেট ও বাণিজ্যিক তথ্যের প্রবাহের একটি গুরুত্বপূর্ণ অংশ এসব ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়।
মোহেব্বি আরও বলেন, ‘আমরা শুধু তাদের জানাতে চাই, নতুন লক্ষ্যবস্তু প্রকাশ করা হবে। নতুন অস্ত্রেরও আত্মপ্রকাশ ঘটবে।’ ইরানের রাষ্ট্রীয় সম্প্রচারমাধ্যম আইআরআইবির তথ্য অনুযায়ী, তেহরানের স্যাক্রেড ডিফেন্স জাদুঘরে আয়োজিত এক অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এ সময় যুক্তরাষ্ট্রের অবশিষ্ট ক্ষমতাকে অঞ্চল থেকে বিতাড়িত করার অঙ্গীকারও করেন আইআরজিসির এই মুখপাত্র।
এর আগে মার্চের শুরুর দিকে ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাত (ইউএই) ও বাহরাইনে অ্যামাজন ওয়েব সার্ভিসেসের অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়। এতে অবকাঠামোর সরাসরি ক্ষতি, বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন এবং ক্লাউড সেবা বন্ধ হওয়ার ঘটনা ঘটে। এসব ঘটনার পর নতুন করে যোগাযোগ অবকাঠামোয় হামলার হুমকি সামনে এল।
টেলিযোগাযোগ খাতের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান টেলিজিওগ্রাফির তথ্য অনুযায়ী, ইউরোপ ও এশিয়ার মধ্যে ডেটা পরিবহনের ৯০ শতাংশের বেশি সক্ষমতা লোহিত সাগরের তলদেশ দিয়ে যাওয়া সাবমেরিন ফাইবার-অপটিক ক্যাবলের মাধ্যমে পরিচালিত হয়। ফলে সমুদ্রের তলদেশে থাকা যোগাযোগ অবকাঠামোর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।
দোহা নিউজের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক সংবাদ সম্মেলনে গণমাধ্যম ও যোগাযোগ বিভাগের পরিচালক ইব্রাহিম আল-হাশমি হরমুজ প্রণালির ক্যাবল নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, সমুদ্রের তলদেশে থাকা ক্যাবল সংযোগে বিঘ্ন ঘটলে ইরানসহ উপসাগরীয় অঞ্চলের দেশগুলোই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে।
আল-হাশমি বলেন, ‘ইরানের পক্ষের কেউ যদি সৎভাবে পরিস্থিতি নিয়ে চিন্তা করেন, তাহলে তিনি প্রশ্ন করবেন—সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত কে?’ তার মতে, যুক্তরাষ্ট্র বা ইসরায়েলের চেয়ে ইরানসহ এ অঞ্চলের দেশগুলোর ক্ষতির আশঙ্কা বেশি।
কাতার আরও জানিয়েছে, হরমুজ প্রণালির পানির ওপর এ অঞ্চলের দেশগুলো সেচ, লবণ উৎপাদন ও মৎস্য আহরণের জন্য নির্ভরশীল। ফলে এ জলপথে ক্ষয়ক্ষতি হলে পানির নিরাপত্তাও হুমকির মুখে পড়তে পারে। এ কারণে জলপথটিকে লক্ষ্য করে হামলা ও হুমকি অবিলম্বে বন্ধের আহ্বান জানিয়েছে দেশটি।
এর আগে ইরানের নিরাপত্তাপ্রধান মোহসেন রেজায়ি সতর্ক করে বলেছিলেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আবার যুদ্ধ শুরু হলে এ অঞ্চলের যোগাযোগ ক্যাবল, ডেটা সেন্টার ও কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) স্থাপনায় হামলা চালানো হতে পারে।
এদিকে, গত মাসে লোহিত সাগরের উপকূলবর্তী ইয়েমেনের ভূখণ্ড দখল করে নেয় ইরান-সমর্থিত হুতিরা। এ ঘটনায় ইউরোপ ও এশিয়াকে সংযুক্ত করা ইন্টারনেট ক্যাবলগুলোর নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি