নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি ভ্যান্সের
আন্তর্জাতিক ডেস্ক
চলতি মাসে ইসরায়েলে অনুষ্ঠিতব্য নির্বাচনের আগে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সমর্থন জানাতে অস্বীকৃতি জানিয়েছেন যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স। তিনি বলেছেন, এ বিষয়ে নিরপেক্ষ থাকতে চান এবং যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের দিকে মনোযোগ দিতে চান।
সাংবাদিক মার্ক হ্যালপেরিনের সঙ্গে সোমবার এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন ভ্যান্স। এর মাত্র এক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্পষ্টভাবে নেতানিয়াহুর প্রতি সমর্থন জানিয়েছিলেন।
ভ্যান্স বলেন, “আমি তাকে সমর্থন জানানোর বিরোধী নই। আবার আমি তাকে সমর্থন করার পক্ষেও নই। আমি ইসরায়েলের নির্বাচনে জড়াচ্ছি না।”
তিনি আরও বলেন, “আমি যুক্তরাষ্ট্রের প্রার্থীদের সমর্থন জানাই, আর আমি মূলত মধ্যবর্তী নির্বাচন নিয়েই মনোযোগ দিচ্ছি।”
সর্বশেষ গত এপ্রিলে কোনো বিদেশি নেতাকে সমর্থন জানিয়েছিলেন ভ্যান্স। সে সময় তিনি হাঙ্গেরির সাবেক ডানপন্থী প্রধানমন্ত্রী ভিক্টর অরবানকে সমর্থন দেন। তবে নির্বাচনে পিটার মাগিয়ারের কাছে বিপুল ব্যবধানে পরাজিত হন অরবান।
নিজের দুই মেয়াদে ট্রাম্প নেতানিয়াহু ও তাঁর ডানপন্থী সরকারের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তুলেছেন। প্রথম মেয়াদে ট্রাম্প যুক্তরাষ্ট্রের দূতাবাস তেল আবিব থেকে পশ্চিম জেরুজালেমে স্থানান্তর করেন, গোলান মালভূমিতে ইসরায়েলের সংযুক্তিকরণকে স্বীকৃতি দেন এবং ২০১৫ সালের ইরান পারমাণবিক চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এ ছাড়া আরব দেশগুলোর সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিকীকরণে একাধিক চুক্তি সম্পাদনে ভূমিকা রাখেন তাঁর প্রশাসন। এসব উদ্যোগে ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুটি অনেকটাই উপেক্ষিত ছিল।
২০২৫ সালের জানুয়ারিতে আবার ক্ষমতায় ফেরার পর ট্রাম্প প্রশাসন গাজায় ইসরায়েলের যুদ্ধ চলার মধ্যেও দেশটিতে অস্ত্র বিক্রি অব্যাহত রেখেছে। একই সময়ে ইরানের সঙ্গে সংঘাতে জড়িয়েছে যুক্তরাষ্ট্র এবং আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ জোরদার করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
অন্যদিকে, ২০২৮ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে সম্ভাব্য প্রার্থী হিসেবে বিবেচিত ভ্যান্স রিপাবলিকান পার্টির ভেতরে ইসরায়েলের প্রতি ওয়াশিংটনের নিঃশর্ত সমর্থন নিয়ে ক্রমবর্ধমান অসন্তোষের প্রতীক হয়ে উঠেছেন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধের প্রভাবে এই অসন্তোষ আরও গভীর হয়েছে। ওই যুদ্ধের কারণে যুক্তরাষ্ট্রের ভোক্তাদের ব্যয়ও বেড়েছে।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি