সৌদি আরবকে রক্ষায় যুদ্ধবিমান মোতায়েন করবে যুক্তরাজ্য
আন্তর্জাতিক ডেস্ক
হুথিদের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সৌদি আরবকে রক্ষায় রয়্যাল এয়ার ফোর্সের টাইফুন যুদ্ধবিমান মোতায়েনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য সরকার। ইরান-সমর্থিত গোষ্ঠীটির আকাশপথে চালানো হামলা থেকে সৌদি আরবের শহর ও গুরুত্বপূর্ণ অবকাঠামো রক্ষায় এই প্রতিরক্ষামূলক অভিযান সহায়তা করবে। প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহ্যাম এ পদক্ষেপের অনুমোদন দিয়েছেন।
সৌদি আরবের রাজধানী রিয়াদ এবং দেশটির উপকূলীয় এলাকার জ্বালানি স্থাপনাগুলোতে হুথিদের হামলার পর এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার এক লিখিত বিবৃতিতে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী ওয়েস স্ট্রিটিং বলেন, “এই বিমানগুলো প্রতিরক্ষামূলক ভূমিকায় কাজ করবে এবং হুথিদের বিরুদ্ধে কোনো আক্রমণাত্মক হামলা চালাবে না।”
হুথিরা ইয়েমেনের আন্তর্জাতিকভাবে স্বীকৃত সরকারের সঙ্গে গৃহযুদ্ধে লিপ্ত রয়েছে। ওই সরকারকে সমর্থন করে সৌদি আরব। ২০১৪ সালে হুথি গোষ্ঠী ইয়েমেনের রাজধানী সানা থেকে সরকারকে উৎখাত করে।
সেপ্টেম্বর থেকে ইয়েমেনে যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর হুথিদের হামলা থেকে নিজেদের আকাশসীমা রক্ষা করতে সৌদি আরবকে বেগ পেতে হচ্ছে। হুথিরা আন্তর্জাতিকভাবে স্বীকৃত ইয়েমেন সরকারের বিরুদ্ধে নতুন করে সামরিক অভিযান শুরু করে এবং গুরুত্বপূর্ণ বাব আল-মান্দাব প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে।
এর জবাবে সৌদি বিমান সহায়তায় ইয়েমেনের সরকারি বাহিনী পাল্টা অভিযান চালায়। পরে হুথিরা সৌদি ভূখণ্ডের গভীরে বিভিন্ন লক্ষ্যবস্তুতে হামলা শুরু করে। এসব হামলায় কিং খালিদ বিমানবন্দর, জ্বালানি স্থাপনা ও গুরুত্বপূর্ণ সমুদ্রবন্দরসহ সৌদি আরবের বিভিন্ন অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
সৌদি কর্তৃপক্ষ গত সপ্তাহে জানিয়েছে, দেশটির বিমানবন্দরগুলোতে হুথিদের হামলায় ১৯ জন নিহত হয়েছেন। এর আগে গত ১০ অক্টোবর রিয়াদের আন্তর্জাতিক বিমানবন্দরে ক্ষেপণাস্ত্র হামলায় ১৩ জন নিহত এবং ৩০৮ জন আহত হন। গত এক দশকেরও বেশি সময়ের মধ্যে সৌদি আরবে এটিই ছিল সবচেয়ে প্রাণঘাতী হামলা।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি