জেলেনস্কির সমালোচনায় ট্রাম্প, রাশিয়ার ওপর নিষেধাজ্ঞা শিথিলের সিদ্ধান্তের পক্ষে সাফাই
বাসস
রাশিয়ার ওপর কিছু নিষেধাজ্ঞা শিথিল করার সিদ্ধান্তের পক্ষে সাফাই দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। একই সঙ্গে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির বিরুদ্ধে যুদ্ধ বন্ধে আগ্রহী না হওয়ার অভিযোগও তুলেছেন তিনি। খবর বার্তা সংস্থা এএফপির।
রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ বন্ধে তিনি আলোচনা চালিয়ে যাচ্ছেন। তাঁর ভাষ্য, এমন কোনো পদক্ষেপ নিতে চান না, যা অপ্রয়োজনীয়ভাবে রাশিয়াকে আলোচনার টেবিল থেকে দূরে সরিয়ে দেবে।
শুক্রবার গভীর রাতে একটি নির্বাহী আদেশে স্বাক্ষর করার পর ট্রাম্পের এই বক্তব্য আসে। প্রয়াত মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহামের নামে প্রণীত একটি আইনে রাশিয়ার ওপর নতুন করে ব্যাপক নিষেধাজ্ঞা আরোপের বিধান থাকলেও ট্রাম্পের আদেশে সেসব নিষেধাজ্ঞার কিছু অংশ স্থগিত রাখা হয়েছে। গ্রাহাম ইউক্রেনের প্রতিরক্ষার জোরালো সমর্থক ছিলেন।
এ ছাড়া যুক্তরাষ্ট্রের নির্বাচনের আগে জ্বালানির দাম কমানোর লক্ষ্যে রাশিয়ার ডিজেল রপ্তানির ওপরও সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করেছেন ট্রাম্প। এতে রাশিয়ার বিপুল পরিমাণ ডিজেল বিশ্ববাজারে প্রবেশের সুযোগ তৈরি হয়েছে।
ট্রাম্পের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে কিয়েভ ও তার মিত্ররা। বিষয়টি নিয়ে ট্রাম্প ও জেলেনস্কির মধ্যে নতুন করে বিরোধ তৈরি হয়েছে। নানা উত্থান-পতনের মধ্য দিয়ে চলা দুই নেতার সম্পর্ক আবারও তলানিতে নেমেছে।
ট্রাম্পের দাবি, যুদ্ধ বন্ধের আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হচ্ছে। এর মধ্যে জিম্মিদের নিয়ে চলমান আলোচনাও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। একটি নথিতে স্বাক্ষরের প্রসঙ্গে ট্রাম্প বলেন, এখনই সেটিতে স্বাক্ষর করলে বিশেষ পরিস্থিতি তৈরি হতে পারে। তবে তিনি পরে বা নিজের ইচ্ছামতো যেকোনো সময় এতে স্বাক্ষর করতে পারেন।
কোন নথির কথা তিনি বলেছেন, তা স্পষ্ট নয়। এ বিষয়ে ব্যাখ্যা জানতে এএফপি হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করলেও তাৎক্ষণিকভাবে কোনো জবাব পাওয়া যায়নি।
ট্রাম্প আরও দাবি করেন, ইরানের ইসলামী প্রজাতন্ত্রকে সহায়তা করার ক্ষেত্রে রাশিয়া খুব সামান্য ভূমিকা রাখছে, এমনকি বলা যায় কিছুই করছে না। রাশিয়া চাইলে আরও বেশি সহায়তা করতে পারত বলেও মন্তব্য করেন তিনি। তবে পরিস্থিতি যেন এমনই থাকে, সেটি তিনি চান বলে জানান।
এরপর ট্রাম্প আবারও অভিযোগ করেন, আগামী ৩ নভেম্বরের নির্বাচনে রিপাবলিকান পার্টিকে ক্ষতিগ্রস্ত করার উদ্দেশ্যে ইউক্রেন পরিকল্পিতভাবে রাশিয়ার তেল শোধনাগারগুলোতে হামলা চালাচ্ছে।
জনমত জরিপে দেখা যাচ্ছে, আসন্ন নির্বাচনে ট্রাম্পের দল বড় ধরনের পরাজয়ের মুখে পড়তে পারে। জ্বালানির মূল্যবৃদ্ধিতে ভোটারদের একটি বড় অংশ ক্ষুব্ধ। গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে জ্বালানির দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে।
ট্রাম্পের অভিযোগ, জেলেনস্কি রাশিয়ার ডিজেল শোধনাগারগুলোকে লক্ষ্যবস্তু করছেন। তাঁর দাবি, এসব হামলা যুক্তরাষ্ট্রসহ বিশ্ববাজারে ডিজেলের সরবরাহ ও বাজারব্যবস্থাকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে।
ট্রাম্প আরও বলেন, এসব হামলার প্রভাব নিয়ে জেলেনস্কির কোনো উদ্বেগ নেই। ইউরোপের বিপুল অর্থসহ যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট জো বাইডেনের দেওয়া সহায়তার পরও জেলেনস্কি যুদ্ধের অবসান চান না বলে অভিযোগ করেন তিনি। এমনকি জেলেনস্কি কখনোই যুদ্ধ বন্ধ করতে চাননি বলেও মন্তব্য করেন ট্রাম্প।
টাইম ডেস্ক/জএইচ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি