মেজর নিদাল হাসানকে ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ড সরাসরি সম্প্রচার করবে না যুক্তরাষ্ট্র
আন্তর্জাতিক ডেস্ক
মার্কিন সেনাবাহিনীর সাবেক কর্মকর্তা মেজর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের প্রক্রিয়া সরাসরি সম্প্রচারের পরিকল্পনা থেকে সরে এসেছে যুক্তরাষ্ট্র। স্থানীয় সময় বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এ সিদ্ধান্তের কথা জানান। তবে লাইভ সম্প্রচার বাতিল হলেও নির্ধারিত সময়েই ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে তাঁর মৃত্যুদণ্ড কার্যকর করা হবে বলে জানিয়েছেন ট্রাম্প।
এর আগে ফোর্ট হুড হামলার দায়ে দণ্ডিত নিদাল হাসানের মৃত্যুদণ্ড অনলাইনে সরাসরি সম্প্রচারের পরিকল্পনার প্রতি সমর্থন জানিয়েছিলেন ট্রাম্প। বিষয়টি নিয়ে যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন মহলে সমালোচনা ও বিতর্ক তৈরি হয়। মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে ডি ভ্যান্সও এ বিষয়ে সংশয় প্রকাশ করে জানান, তিনি ব্যক্তিগতভাবে এমন দৃশ্য দেখবেন না।
সরাসরি সম্প্রচারের পরিকল্পনা বাতিলের ব্যাখ্যায় ট্রাম্প বলেন, সমাজের অনেক ভালো ও সৎ মানুষ কাউকে সরাসরি মৃত্যুবরণ করতে দেখতে চাইবেন না। তবে তাঁর মতে, যুক্তরাষ্ট্র কীভাবে সন্ত্রাসী ও নিদাল হাসানের মতো অপরাধীদের মোকাবিলা করে, তা বিশ্বকে দেখানোর জন্য সম্প্রচারটি করা যেত। এতে আন্তর্জাতিক পর্যায়ে একটি শক্তিশালী বার্তা পৌঁছাত বলেও মন্তব্য করেন তিনি।
পেন্টাগনের তথ্য অনুযায়ী, আগামী ৩ ডিসেম্বর নিদাল হাসানের মৃত্যুদণ্ড কার্যকরের তারিখ নির্ধারণ করা হয়েছে। ৬০ বছরেরও বেশি সময় পর মার্কিন সামরিক বাহিনীতে ফায়ারিং স্কোয়াডের মাধ্যমে মৃত্যুদণ্ড কার্যকরের ঘটনা হতে যাচ্ছে এটি।
সাধারণ মানুষের জন্য সরাসরি সম্প্রচার বাতিল করা হলেও ভুক্তভোগীদের পরিবারের সদস্যদের সাজা কার্যকরের সময় উপস্থিত থাকার সুযোগ থাকবে বলে জানিয়েছেন ট্রাম্প। তাঁর ভাষ্য, ন্যায়বিচার প্রত্যক্ষ করার অধিকার রয়েছে ভুক্তভোগীদের পরিবারের।
উল্লেখ্য, ২০০৯ সালে টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে হামলা চালিয়ে ১৩ জন মার্কিন সেনাকে হত্যা করেন মেজর নিদাল হাসান। ওই ঘটনায় আরও ৩২ জন সেনাসদস্য আহত হন।
টাইম ডেস্ক/এসএ
আন্তর্জাতিক এর আরো খবর
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন
নিউইয়র্কে EEAP কর্মসূচিতে বিদ্যুৎ-গ্যাসের বিলে বিশেষ ছাড়, কারা পাবেন সুবিধা?
কোবাল্ট, লিথিয়াম ও ইউরেনিয়াম: আফ্রিকায় প্রভাব বিস্তারে তিন পরাশক্তি