এক টাকার মাস্টার: প্রাতিষ্ঠানিক শিক্ষক না হয়েও গাইবান্ধার লুৎফর রহমান পাচ্ছেন অবসরভাতা
নিজস্ব প্রতিবেদক
দীর্ঘ পাঁচ দশকেরও বেশি সময় ধরে মাত্র এক টাকার বিনিময়ে সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসা গাইবান্ধার লুৎফুর রহমানকে বিশেষ সম্মাননা দিয়েছে সরকার। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করতে অনন্য ভূমিকার জন্য বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে দেশের ১০২ জন গুণী শিক্ষকের সঙ্গে সম্মানিত হয়েছেন তিনি।
সোমবার (৫ অক্টোবর) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে লুৎফুর রহমানের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে সম্মাননাপ্রাপ্ত প্রত্যেক শিক্ষককে ২ লাখ টাকা, ক্রেস্ট ও সম্মাননাপত্র দেওয়া হয়।
গাইবান্ধা সদর উপজেলার গিদারী ইউনিয়নের বাগুড়িয়া গ্রামের পাশে ব্রহ্মপুত্র নদের বাঁধ এলাকায় বসবাস করেন লুৎফুর রহমান। শিক্ষা মন্ত্রণালয় সূত্রে জানা যায়, ১৯৭৪ সাল থেকে নদীপাড়ের দরিদ্র ও সুবিধাবঞ্চিত শিশুদের পড়িয়ে আসছেন তিনি। অভিভাবকদের কাছ থেকে প্রতিদিন মাত্র এক টাকা করে সম্মানী নেওয়ায় স্থানীয়ভাবে তিনি ‘এক টাকার মাস্টার’ নামে পরিচিতি পান।
কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষকতা না করেও বছরের পর বছর ধরে শিক্ষাদানের সঙ্গে যুক্ত রয়েছেন লুৎফুর রহমান। তার কাছে পড়াশোনা করে বহু প্রজন্মের শিক্ষার্থী। অর্থের অভাবে যাতে শিশুরা পড়াশোনা থেকে ঝরে না পড়ে, সেটিই ছিল তার দীর্ঘদিনের লক্ষ্য।
বিশ্ব শিক্ষক দিবসের অনুষ্ঠানে তার দীর্ঘদিনের শিক্ষাসেবাকে বিশেষ ক্যাটাগরিতে স্বীকৃতি দেওয়া হয়। একই সঙ্গে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে তাকে সরকারি অবসরভাতার আওতায় আনার ঘোষণা দেওয়া হয়েছে বলে জানান শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।
১০২ জন সম্মাননাপ্রাপ্ত শিক্ষকের মধ্যে প্রাথমিক, মাধ্যমিক, কলেজ, মাদরাসা, কারিগরি, বিশ্ববিদ্যালয়, চিকিৎসা, কৃষি ও প্রকৌশল শিক্ষার শিক্ষকরা ছিলেন। বিশেষ ক্যাটাগরিতে লুৎফুর রহমানের পাশাপাশি ‘রমনী কান্ত পাঠশালা’র রমনী কান্ত বেপারী এবং বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের নিয়ে কাজ করা শিক্ষক মো. মোজাম্মেল হোসেন খানকেও সম্মাননা দেওয়া হয়।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন