সিলেটের উন্নয়নের রূপকার এম সাইফুর রহমানের সড়ক দুর্ঘটনায় মৃত্যুর ১৭ বছরেও রহস্যজট কাটেনি
নিজস্ব প্রতিবেদক
শাহ্ এ সুমন, নিউইয়র্ক: বাংলাদেশের সাবেক অর্থ ও পরিকল্পনামন্ত্রী এম সাইফুর রহমানের মৃত্যুর ১৭ বছর পরও তাঁকে বহনকারী গাড়িটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়েছিল, তা নিয়ে একাধিক পরস্পরবিরোধী বর্ণনা রয়েছে। কোথাও বলা হয়েছে, একটি গরুকে বাঁচাতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারিয়েছিলেন। কোথাও চালকের ঘুমিয়ে পড়ার কথা এসেছে। দুর্ঘটনার দিন কোনো কোনো আন্তর্জাতিক সংবাদমাধ্যম আবার গাড়িটিকে একটি বাস ধাক্কা দেওয়ার কথা জানিয়েছিল। এত বছরেও এসব প্রশ্নের মীমাংসা করে কোনো পূর্ণাঙ্গ তদন্ত প্রতিবেদন প্রকাশ্যে আসেনি।
২০০৯ সালের ৫ সেপ্টেম্বর মৌলভীবাজারের বাহারমর্দনের বাড়ি থেকে ঢাকায় ফেরার পথে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা সিলেট মহাসড়কের খড়িয়ালা এলাকায় সাইফুর রহমানকে বহনকারী গাড়িটি রাস্তার পাশের পানিভর্তি খাদে পড়ে যায়। দুর্ঘটনার পর গাড়িতে থাকা অন্যরা জীবিত উদ্ধার হলেও ৭৭ বছর বয়সী সাইফুর রহমানের মৃত্যু হয়।
তাঁর ১৭তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত এক আলোচনা সভায় বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী নতুন করে প্রশ্ন তুলেছেন, সাইফুর রহমানের মৃত্যু নিছক দুর্ঘটনা ছিল, নাকি এর পেছনে দেশি বা আন্তর্জাতিক কোনো ষড়যন্ত্র ছিল। বিষয়টি তদন্ত করে দেখা প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি। তবে এই সন্দেহের পক্ষে তিনি নির্দিষ্ট কোনো প্রমাণ উপস্থাপন করেননি।
দুর্ঘটনার বর্ণনায় অমিল
ডেইলি স্টারের ২০০৯ সালের ৫ সেপ্টেম্বরের প্রতিবেদনের তথ্যমতে, ওই দিন বেলা আড়াইটার দিকে সাইফুর রহমানকে বহনকারী গাড়িটি মহাসড়ক থেকে ছিটকে রাস্তার পাশের খাদে পড়ে প্রায় পাঁচ ফুট পানির নিচে তলিয়ে যায়। স্থানীয়দের উদ্ধৃত করে প্রতিবেদনে বলা হয়, রাস্তার একটি গরুকে চাপা দেওয়া এড়াতে গিয়ে চালক গাড়ির নিয়ন্ত্রণ হারিয়েছিলেন।
প্রতিবেদনটিতে আরও বলা হয়, র্যাব সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে গাড়ির দরজা ও কাচ ভেঙে যাত্রীদের উদ্ধার করেন। সাইফুর রহমানের সিটবেল্ট শক্তভাবে বাঁধা থাকায় তাঁকে গাড়ি থেকে বের করতে ১০ থেকে ১২ মিনিট সময় লেগেছিল বলে তৎকালীন স্থানীয় সংসদ সদস্য লুৎফুল হাই সাচ্চু সাংবাদিকদের জানিয়েছিলেন।
ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের চিকিৎসক তোফায়েল আহমেদের বরাত দিয়ে ডেইলি স্টার জানায়, দীর্ঘ সময় পানির নিচে থাকায় হাসপাতালে নেওয়ার আগেই সাইফুর রহমানের মৃত্যু হয়েছিল। গাড়িতে থাকা তাঁর ব্যক্তিগত সচিব এ জি এম শামসুল হক, দুই সহযোগী সাজিব ও শরীফ এবং চালক আহত হলেও বেঁচে যান।
কিন্তু দুর্ঘটনার কারণ নিয়ে সব গণমাধ্যমের বর্ণনা এক ছিল না। আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডনের তৎকালীন প্রতিবেদনে পুলিশের বরাত দিয়ে বলা হয়েছিল, একটি বাসের ধাক্কায় সাইফুর রহমানের গাড়িটি খাদে পড়ে যায়। অন্যদিকে পরবর্তী সময়ে তাঁর ছেলে এম নাসের রহমান জানান, তাঁরা শুনেছিলেন ফাঁকা রাস্তায় গাড়ি চালানোর সময় চালক ঘুমিয়ে পড়েছিলেন। এই তিন বর্ণনার কোনটি সঠিক, তা প্রতিষ্ঠা করে কোনো প্রকাশ্য তদন্ত প্রতিবেদন পাওয়া যায়নি।
ছয়জনের মধ্যে মৃত্যু শুধু সাইফুর রহমানের
বণিক বার্তার ২০২৪ সালের ২৫ ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনের তথ্যমতে, পানিতে তলিয়ে যাওয়া গাড়িটিতে চালকসহ মোট ছয়জন ছিলেন। তাঁদের মধ্যে কেবল এম সাইফুর রহমানের মৃত্যু হয়। এ বিষয়টিও পরবর্তী সময়ে তাঁর মৃত্যু নিয়ে নানা প্রশ্ন ও সংশয় তৈরির অন্যতম কারণ হয়ে ওঠে।
বণিক বার্তাকে দেওয়া সাক্ষাৎকারে সাইফুর রহমানের ছেলে এম নাসের রহমান বলেন, দুর্ঘটনার পর চালক গাড়ির সামনের কাচ ভেঙে তাঁর বাবাকে বের করে এনেছিলেন। কিন্তু পরবর্তী সময়ে পরিবারটি ওই চালককে আর খুঁজে পায়নি।
নাসের রহমান অবশ্য সরাসরি কোনো ষড়যন্ত্রের অভিযোগ করেননি। তাঁর ভাষ্য অনুযায়ী, সে সময় ষড়যন্ত্রের বিষয়ে কিছু আলোচনা তাঁদের কানেও এসেছিল, কিন্তু পরিবার বিষয়টি সেভাবে বিবেচনা করেনি। দীর্ঘদিনের পরিচিত চালক হওয়ায় তাঁরা তাঁকে সন্দেহও করেননি।
দুর্ঘটনার সম্ভাব্য কারণ সম্পর্কে নাসের রহমান বলেন, তাঁরা শুনেছিলেন ফাঁকা রাস্তায় গাড়ি চালাতে গিয়ে চালক ঘুমিয়ে পড়েছিলেন। তবে এত বছর পর কোনো প্রমাণ ছাড়া বিষয়টি নিয়ে কথা তোলার প্রয়োজন মনে করেন না বলেও তিনি জানান।
বণিক বার্তার প্রতিবেদনে আরও বলা হয়, দুর্ঘটনার পর ডয়চে ভেলে ও দেশের কয়েকটি গণমাধ্যমে সাইফুর রহমানের গাড়িচালকও মারা গেছেন বলে উল্লেখ করা হয়েছিল। অথচ তাঁর পরিবারের ভাষ্য অনুযায়ী, চালক জীবিত ছিলেন। দুর্ঘটনার পর চালকের অবস্থান, তাঁর বক্তব্য কিংবা তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল কি না, সে বিষয়ে পুলিশের কোনো অনুসন্ধান বা তদন্তের তথ্য প্রকাশ্যে পাওয়া যায়নি।
সাইফুর রহমানের মৃত্যু নিয়ে বিএনপির নীতিনির্ধারণী পর্যায়ে আগে কোনো প্রশ্ন উঠেছিল কি না, এমন প্রশ্নের জবাবে দলটির তৎকালীন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বণিক বার্তাকে বলেছিলেন, তিনি দুর্ঘটনার শিকার হয়ে মারা গেছেন এবং এর বাইরে দলগতভাবে তাঁদের ভিন্ন কোনো চিন্তা ছিল না। কোনো পক্ষ থেকেও তখন প্রশ্ন উত্থাপিত হয়নি বলে জানান তিনি।
ফলে ১৭ বছর পর রুহুল কবির রিজভীর বক্তব্যের মধ্য দিয়ে সাইফুর রহমানের মৃত্যু নিয়ে নতুন করে তদন্তের দাবি সামনে এসেছে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন