১৮ জুলাই: বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস—শিক্ষার্থীদের ঐতিহাসিক প্রতিরোধের দিন
টাইম টিভি ডেস্ক
সরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের ওপর দমন-পীড়নের পর আন্দোলন থেমে যাবে—এমন ধারণাকে ভুল প্রমাণ করে ২০২৪ সালের ১৮ জুলাই রাজপথে নেমে আসেন বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি সফল করতে রাজধানীর উত্তরা, রামপুরা-বাড্ডা, মোহাম্মদপুর-ধানমন্ডিসহ বিভিন্ন এলাকায় তারা প্রতিরোধ গড়ে তোলেন।
সেদিন শিক্ষার্থীদের ছত্রভঙ্গ করতে আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে টিয়ার গ্যাস, সাউন্ড গ্রেনেড ও হেলিকপ্টার ব্যবহার করা হয়। তবে প্রবল প্রতিরোধের মুখে রামপুরায় কানাডিয়ান বাংলাদেশ ইউনিভার্সিটির ছাদ থেকে হেলিকপ্টারে করে পুলিশ সদস্যদের সরে যাওয়ার ঘটনাটি আন্দোলনের প্রতীক হয়ে ওঠে।
পুসাবের (প্রাইভেট ইউনিভার্সিটি স্টুডেন্টস অ্যালায়েন্স অব বাংলাদেশ) নেতৃত্বে হাজারো শিক্ষার্থী রাজপথে অবস্থান নেন। সংঘর্ষে সেদিন অন্তত ১১ জন শিক্ষার্থী শহীদ হন। তাদের মধ্যে বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালসের সাবেক শিক্ষার্থী মীর মাহফুজুর রহমান মুগ্ধ, যিনি আহতদের পানি বিতরণের সময় গুলিবিদ্ধ হন। মৃত্যুর আগে তার উচ্চারিত “পানি লাগবে, পানি” বাক্যটি আন্দোলনের অন্যতম স্মরণীয় প্রতীক হয়ে ওঠে।
পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার সেদিন প্রথমে মোবাইল ইন্টারনেট এবং পরে ব্রডব্যান্ড ইন্টারনেটও বন্ধ করে দেয়। রাজধানীসহ দেশের অন্তত ৪৭ জেলায় আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আইনশৃঙ্খলা বাহিনী ও ক্ষমতাসীন দলের নেতাকর্মীদের সংঘর্ষ হয়। বিভিন্ন স্থানে প্রাণহানি ও সহিংসতার খবর এলেও সরকারি বিধিনিষেধের কারণে তা গণমাধ্যমে সীমিতভাবে প্রচারিত হয়।
দিনটিতে রাজধানীতে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশ, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, মানারাত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সাউথইস্ট ইউনিভার্সিটি, ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটিসহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিহত হন। একই দিনে মিরপুরে মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির শিক্ষার্থী শাইখ আসহাবুল ইয়ামিনের মৃত্যুর ঘটনাও ব্যাপক আলোড়ন সৃষ্টি করে।
পরে পরিস্থিতি শান্ত করতে তৎকালীন আইনমন্ত্রী আনিসুল হক ও শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল সংলাপের প্রস্তাব দিলেও আন্দোলনের সমন্বয়করা তা প্রত্যাখ্যান করে বিচার নিশ্চিতের দাবি জানান।
এই প্রতিরোধ ও আত্মত্যাগের স্মরণে প্রতিবছর ১৮ জুলাই ‘বেসরকারি বিশ্ববিদ্যালয় প্রতিরোধ দিবস’ হিসেবে পালন করা হয়।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন