মন্ত্রিপাড়ায় থাকবেন শুধু মন্ত্রীরা, ৭১টি বাড়ি নির্ধারণ
নিজস্ব প্রতিবেদক
ঢাকার বেইলি রোড, মিন্টো রোড, হেয়ার রোড ও গুলশান এলাকায় অবস্থিত সরকারি বাংলো ও অ্যাপার্টমেন্টগুলো মূলত মন্ত্রীদের থাকার জন্য নির্মিত হলেও বর্তমানে সেখানে নির্বাচন কমিশনার, দুর্নীতি দমন কমিশনের কমিশনার, বিচারপতি, উপদেষ্টা ও ঊর্ধ্বতন আমলাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ ব্যক্তি বসবাস করছেন। এই প্রেক্ষাপটে অন্তর্বর্তী সরকার এসব আবাসন আবারও কেবল মন্ত্রীদের জন্য সংরক্ষণের উদ্যোগ নিয়েছে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীন সরকারি আবাসন পরিদপ্তর ইতিমধ্যে মন্ত্রিপাড়া এলাকায় মোট ৭১টি বাংলো ও ফ্ল্যাট চিহ্নিত করেছে, যেগুলো মন্ত্রীদের জন্য নির্দিষ্টকরণের (এয়ারমার্ক) প্রস্তাব করা হয়েছে। এ লক্ষ্যে গত ২ নভেম্বর আবাসন পরিদপ্তরের পরিচালক মো. আসাদুজ্জামানকে আহ্বায়ক করে সাত সদস্যের একটি কমিটি গঠন করা হয়। কমিটি সম্প্রতি তাদের প্রতিবেদন জমা দিয়েছে।
কমিটির প্রতিবেদনে ২০১৩ সালে মন্ত্রীদের জন্য নির্দিষ্ট করা ৪১টি আবাসনের সঙ্গে নতুন করে আরও ৩০টি বাসা যুক্ত করার সুপারিশ করা হয়েছে। নতুন যুক্ত হওয়া বাসাগুলোর মধ্যে বেইলি রোডে ১৯টি, গুলশানে ৫টি, ধানমন্ডিতে ৫টি এবং মিন্টো রোডে ১টি বাসা রয়েছে। এতে মোট এয়ারমার্কের প্রস্তাবিত সংখ্যা দাঁড়িয়েছে ৭১টিতে।
আবাসন পরিদপ্তরের কর্মকর্তারা জানান, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিদের জন্য আলাদা আবাসন ব্যবস্থা থাকা সত্ত্বেও অনেকে মন্ত্রিপাড়ায় বসবাস করছেন, যা বিদ্যমান আবাসন নীতির ব্যত্যয় ঘটাচ্ছে। বিশেষ করে ভবিষ্যতে জাতীয় নির্বাচনের পর নতুন মন্ত্রিসভা গঠিত হলে মন্ত্রীদের জন্য আবাসন সংকট তৈরি হতে পারে। সে কারণেই এখন থেকেই বাসাগুলো নির্দিষ্ট করে রাখার উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেইলি রোডের ‘মিনিস্টার্স অ্যাপার্টমেন্ট’–এর ৩০টি ফ্ল্যাট, মিন্টো ও হেয়ার রোডের ১৫টি বাংলো এবং গুলশান ও ধানমন্ডির কয়েকটি বড় বাসাকে মন্ত্রিপাড়ার অংশ হিসেবে চিহ্নিত করা হচ্ছে। এসব বাসায় ভবিষ্যতে মন্ত্রী ছাড়া অন্য কেউ থাকতে পারবেন না—এমন সিদ্ধান্ত বাস্তবায়নের প্রস্তুতিও নেওয়া হচ্ছে।
তবে বর্তমানে যাঁরা এসব বাসায় বসবাস করছেন, তাঁদের বিষয়ে কী ব্যবস্থা নেওয়া হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বিষয়টি নিয়ে প্রশাসনের উচ্চপর্যায়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন