নির্বাচন নিয়ে সন্দেহ ছড়ানোদের নজরদারিতে রেখেছে সরকার: প্রেসসচিব
টাইম টিভি ডেস্ক
নির্বাচন নিয়ে যারা এখনো সন্দেহ ও সংশয় ছড়াচ্ছেন, সরকার তাদের কার্যক্রম নজরদারিতে রেখেছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেসসচিব শফিকুল আলম। তিনি বলেন, ‘আমরা তাদের প্রোফাইল দেখছি। আগে তাদের ভূমিকা কী ছিল, কেন তারা এসব ছড়াচ্ছেন—সবই আমাদের কাছে পরিষ্কার।’
মঙ্গলবার (৬ জানুয়ারি) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
প্রেসসচিব জানান, নির্বাচনের আর মাত্র ৩৭ দিন বাকি রয়েছে এবং সরকার এ জন্য পুরোপুরি প্রস্তুত। তিনি বলেন, ‘আমাদের আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর আত্মবিশ্বাস এখন আরও শক্ত অবস্থানে আছে। কারণ তারা পরপর তিনটি বড় ইভেন্ট অত্যন্ত সুচারুভাবে আয়োজন করেছে। বাংলাদেশের ইতিহাসে এত বড় পরিসরের ইভেন্ট আগে হয়নি।’
পোস্টাল ব্যালট প্রসঙ্গে শফিকুল আলম বলেন, এতে অভূতপূর্ব সাড়া মিলেছে। অনলাইনে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৩৩ জন নিবন্ধন করেছেন। এর মধ্যে দেশের ভেতরে থাকা প্রায় সাত লাখ ভোটার দায়িত্ব পালনের কারণে সরাসরি ভোট দিতে পারবেন না।
নির্বাচনে প্রার্থীদের নিরাপত্তা নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এ বিষয়ে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলোর আলোচনা হয়েছে। যাদের নিরাপত্তা প্রয়োজন, তাদের অনেককেই গানম্যান দেওয়া হয়েছে। এ সংক্রান্ত বিস্তারিত তালিকা পুলিশ ও রাজনৈতিক দলগুলোর কাছে রয়েছে। তিনি জানান, অনেকেই নিরাপত্তা পাওয়ার বিষয়টি প্রকাশ্যে বলতে চান না, সে কারণেই সরকারও তা প্রকাশ করছে না। তবে রাজনৈতিক নেতাদের নিরাপত্তা সরকার সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে এবং এ বিষয়ে বিশেষ করে পুলিশের স্পেশাল ব্রাঞ্চ সক্রিয়ভাবে কাজ করছে। স্থানীয় পর্যায়ে কেউ অতিরিক্ত নিরাপত্তা চাইলে পুলিশ প্রয়োজন অনুযায়ী বিষয়টি বিবেচনা করবে।
ভোটার সচেতনতা কার্যক্রম প্রসঙ্গে প্রেসসচিব বলেন, ‘ভোটের গাড়ি’ কর্মসূচিতে ব্যাপক সাড়া পাওয়ায় ক্যারাভানে গাড়ির সংখ্যা ১০ থেকে বাড়িয়ে ৩০টি করা হচ্ছে। নতুন করে আরও ২০টি গাড়ি আগামী ৯ জানুয়ারি থেকে যুক্ত হবে, যা ৩১ জানুয়ারি পর্যন্ত চলবে। এসব গাড়ি মোট ৩০টি টিভিসি প্রদর্শন করবে এবং প্রয়োজনে বিভিন্ন কৌশলগত স্থানে অবস্থান নেবে।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন