যুদ্ধবিমান নিয়ে বাংলাদেশ-পাকিস্তান বিমানবাহিনী প্রধানের বৈঠক
টাইম টিভি ডেস্ক
বাংলাদেশ বিমানবাহিনীতে অত্যাধুনিক যুদ্ধবিমান যুক্ত হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে পাকিস্তানের সঙ্গে উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা আলোচনায় বসেছে ঢাকা। ইসলামাবাদ সফরে গিয়ে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল জহির আহমেদ বাবার সিদ্দিকীর সঙ্গে জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খান।
মঙ্গলবার (৬ জানুয়ারি) এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় পাকিস্তানের সামরিক বাহিনীর মিডিয়া শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
আইএসপিআর জানায়, বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান ইসলামাবাদে সফররত একটি উচ্চ পর্যায়ের প্রতিরক্ষা প্রতিনিধিদলের নেতৃত্ব দেন। বৈঠকে দুই দেশের মধ্যে অপারেশনাল সহযোগিতা জোরদার, প্রাতিষ্ঠানিক সমন্বয়, প্রশিক্ষণ, সক্ষমতা বৃদ্ধি এবং অ্যারোস্পেস প্রযুক্তিতে যৌথ উদ্যোগের বিষয়ে আলোচনা হয়। সফরের অংশ হিসেবে বাংলাদেশ বিমানবাহিনীর প্রধানকে গার্ড অব অনার প্রদান করা হয়।
বৈঠকে পাকিস্তান বিমানবাহিনীর প্রধান তাদের সাম্প্রতিক অগ্রগতি তুলে ধরেন এবং বাংলাদেশ বিমানবাহিনীকে বুনিয়াদি থেকে শুরু করে উন্নত উড্ডয়ন ও বিশেষায়িত প্রশিক্ষণ কোর্সে সহায়তার আশ্বাস দেন। একই সঙ্গে সুপার মুশশাক প্রশিক্ষণ বিমান দ্রুত সরবরাহ করা হবে বলে জানান তিনি। এ বিমানের সঙ্গে দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা ব্যবস্থাও থাকবে।
বাংলাদেশ বিমানবাহিনীর প্রধান পাকিস্তান বিমানবাহিনীর যুদ্ধ-অভিজ্ঞতা ও অপারেশনাল দক্ষতার প্রশংসা করেন। তিনি পুরনো বহরের রক্ষণাবেক্ষণে সহায়তা, আকাশসীমা নজরদারি জোরদার এবং এয়ার ডিফেন্স রাডার একীভূতকরণের বিষয়েও সহযোগিতা চান।
বৈঠকে সম্ভাব্যভাবে জেএফ-১৭ ‘থান্ডার’ যুদ্ধবিমান ক্রয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়। সফরকালে বাংলাদেশ প্রতিনিধিদল পাকিস্তান বিমানবাহিনীর কয়েকটি গুরুত্বপূর্ণ স্থাপনাও পরিদর্শন করে।
আইএসপিআর আরও জানায়, এই সফরের মাধ্যমে পাকিস্তান ও বাংলাদেশের ঐতিহাসিক সম্পর্ক নতুন করে গুরুত্ব পেয়েছে এবং ভবিষ্যতে প্রতিরক্ষা সহযোগিতা ও দীর্ঘমেয়াদি কৌশলগত অংশীদারি গড়ে তোলার অঙ্গীকার আরও জোরালো হয়েছে।
উল্লেখ্য, জেএফ-১৭ ‘থান্ডার’ একটি হালকা ও আধুনিক মাল্টি-রোল ফাইটার জেট, যা দিন-রাত ও সব ধরনের আবহাওয়ায় অভিযান পরিচালনায় সক্ষম। পাকিস্তান অ্যারোনটিক্যাল কমপ্লেক্স (পিএসি) এবং চীনের চেঙডু এয়ারক্রাফট ইন্ডাস্ট্রি করপোরেশনের যৌথ উদ্যোগে তৈরি এই যুদ্ধবিমানটি আকাশযুদ্ধ, স্থল লক্ষ্যবস্তুতে হামলা, শত্রুপক্ষের ঘাঁটি নজরদারি এবং নির্ভুল তথ্য সংগ্রহে কার্যকর বলে সামরিক বিশেষজ্ঞরা মনে করেন।
আন্তর্জাতিক এর আরো খবর
যুক্তরাষ্ট্রের বিমানবাহিনীর ক্লাউড সিস্টেমে হ্যাকারদের হানা, সামরিক তথ্যের নিরাপত্তা নিয়ে উদ্বেগ
নিউইয়র্ক স্টেট সিনেটের সংখ্যাগরিষ্ঠ দলের নেতা আন্দ্রেয়া স্টুয়ার্ট-কাজিনস আর নেই
দীর্ঘদিনের ঝগড়া, নিজেদের স্ত্রীদের হত্যার পর জঙ্গলে পুঁতে রাখলেন দুই ভাই
যুক্তরাষ্ট্রে শক্তিশালী ঝড়-বন্যায় বিদ্যুৎহীন ৯ লাখের বেশি মানুষ, বাতিল ৪ শতাধিক ফ্লাইট
স্টামফোর্ড ইউনিভার্সিটি জার্নালিস্ট ফোরামের নতুন কমিটি: সভাপতি মুসা, সম্পাদক আবির ও সহসভাপতি আল আমিন